শ্রীলঙ্কায় ডেঙ্গু মোকাবেলায় সেনা মোতায়েন

মশাবাহিত প্রাণঘাতী ডেঙ্গু জ্বরের দ্রুত বিস্তার ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রতিদিন এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা তীব্র চাপের মুখে পড়েছে।

মঙ্গলবার (২৩ জুন) প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কার্যালয় জানায়, ডেঙ্গু প্রতিরোধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে একটি বিশেষ ইউনিট গঠন করা হবে। এই ইউনিট মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে কাজ করবে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে শ্রীলঙ্কায় প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। তবে এটি ২০১৭ সালের ভয়াবহ প্রাদুর্ভাবের তুলনায় কম, ওই বছর ১ লাখ ৮৬ হাজার সংক্রমণ ও ৪৪০ জনের মৃত্যু হয়েছিল।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের এলাকায় মশার প্রজননস্থল সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বুধবার থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।

জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাপিলা কান্নাঙ্গারা জানান, সংক্রমণ বাড়তে থাকলে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো বড় ধরনের সংকটে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, হাসপাতালগুলো ইতোমধ্যেই চাপের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ২০১৭ সালের মতো ভয়াবহতা ফিরে আসতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগেই সতর্ক করেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।