রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।
মঙ্গলবার (২৩জুন) বিএজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ওপর এই অনাকাঙ্খিত হামলার ঘটনা ঘটে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এক সাংবাদিকের ওপর চড়াও হন। এই হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে রক্তাক্ত জখম করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিএজে নেতারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। নেতারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।