দুর্নীতির মামলা

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ৮জনের সাক্ষ্য গ্রহণ শেষ    

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আট জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে চার জন সাক্ষ্য দেন।

যারা সাক্ষ্য দেন তারা হলেন- নরসিংদীর কর কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী মো. সোহেল মিয়া, সোনারগাঁওয়ের সাব-রেজিস্টার মো. রিয়াজুল ইসলাম,গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আসেফ আয়নান বখস এবং দুদকের উপপরিচালক সিরাজুল হক।

সাক্ষীদের জবানবন্দি শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ জুলাই দিন ধায্য করে আদালত। বেনজির পলাতক তার পক্ষে সাক্ষীকে জেরা করা হয়নি। মামলাটিতে ২৮ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন  একই আদালত।

গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীরের বিরুদ্ধে এ মামলাটি করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।