বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সমতা, ন্যায্যতা ও ভারসাম্যের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানায় এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে সোমবার (২২ জুন) লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন এবং মটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হোটেলে নিয়ে আসে। এ সময় পুরো রাস্তা জুড়েই ছিল রাষ্ট্রীয় প্রটোকল ও পুলিশি প্রহরা।

চীনে বৈঠকে প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বলে জানিয়ে তিনি বলেন, অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মাত্র কয়েক কর্মঘণ্টা পেলেও, তার মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজাসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনা ইতোমধ্যে শুরু করেছেন।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত সামার দাভোস ২০২৬ বর্তমানে চীনের দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যোগ দিয়েছিলেন তিনি। একজন সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশের বাইরে এটিই প্রথম কোনও বৈশ্বিক সম্মেলনে যোগদান। এই সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন অগ্রযাত্রাকে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্বের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করা বলে মাহদী আমিন জানান।

তিনি বলেন, একই সঙ্গে ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’বার্তার মাধ্যমে বৈশ্বিক নিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের ফলে দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান, যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন, নিশ্চিত করছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান।