'ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন', জার্মানির কিংবদন্তি

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছেন ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ফিলিপ লাম। ইনফান্তিনোর নানা বাণিজ্যিক সিদ্ধান্তের কারণে ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন তিনি।

জার্মান সংবাদপত্র দি জেইট-এ লেখা নিজের এক কলামে লাম ফিফা সভাপতির কড়া সমালোচনা করে বলেন, "বিশ্বকাপকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটি ফুটবলের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। এর ফলে ভক্তরা বেশ অস্বস্তির মধ্যে রয়েছেন। তাদের জন্য ফিফার কর্মকাণ্ড এবং মূল টুর্নামেন্টকে আলাদা করে দেখা ক্রমশ কঠিন হয়ে উঠছে।"

গত গ্রীষ্মে (২০২৫ সালে) প্রথমবারের মতো আয়োজিত বর্ধিত ক্লাব বিশ্বকাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লাম বলেন, এই ধরনের টুর্নামেন্ট খেলোয়াড়দের ফিটনেসের ওপর প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে চলতি ২০২৬ বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়েও আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। তার মতে, ফিফা টিকিটের প্রকৃত চাহিদার সঠিক তথ্য আড়াল করে কেবল নিজেদের রাজস্ব বা আয় বাড়ানোর চেষ্টা করছে।

বিশ্বকাপের ঐতিহ্য ধরে রাখার তাগিদ দিয়ে সাবেক এই জার্মান ডিফেন্ডার আরও বলেন, "প্রতি দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের যে প্রস্তাব বারবার সামনে আনা হচ্ছে, তা আমাকে বিরক্ত করে। একটি টুর্নামেন্টের দীর্ঘস্থায়ী প্রভাব বজায় রাখতে হলে এর প্রস্তুতি এবং পরবর্তী মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন।"

অবশ্য সমালোচনার পাশাপাশি ফিফার কিছু ইতিবাচক দিকের কথাও উল্লেখ করেছেন লাম। এবারের বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ফিফা কিছু ক্ষেত্রে ভালো কাজও করছে। দল বাড়ার কারণে এবার স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো দেশগুলো বিশ্বমঞ্চে নিজেদের গল্প তৈরি করার সুযোগ পাচ্ছে।

জান্নি ইনফান্তিনোর প্রতি ফিলিপ লামের এমন ক্ষোভ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়ও তিনি ফিফা সভাপতির সততা ও নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।