ভাতের সঙ্গে

ভাতের সঙ্গে খেতে পারেন এমন চার রকমের রান্নার রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা

পোস্ত দিয়ে রূপচাঁদা

উপকরণ

রূপচাঁদা মাছ ৭ পিস, হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, পোস্ত বাট সিকি কাপ, কালোজিরা ১ চিমটি, কাঁচামরিচ ফালি ৫টা,  তেল আধা কাপ

যেভাবে তৈরি করবেন

রূপচাঁদা মাছ হলুদ, মরিচ ও সামান্য লবণ দিয়ে মাখিয়ে ২০ মিনিট রেখে তেলে  ভেজে নিন। এবার ফ্রাইপ্যানে আরও একটু তেল গরম করে কালোজিরার ফোঁড়ন দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে কাঁচামরিচ ফালি বাদে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষিয়ে মাঝারি আঁচে দশ মিনিট রান্না করুন। কাঁচামরিচ ফালি দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিন।

পিটুলি দিয়ে শোল মাছ

উপকরণ

পালং শাক ২ আঁটি, কাঁটা ছাড়া শোলমাছ কিউব করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৫টা, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, তেল সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

শোল মাছ হলুদ, মরিচ ও সামান্য লবণ দিয়ে মেখে তেলে হালকা করে ভেজে নিন। এবার মাছ তুলে ওই তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে এর মধ্যে ধুয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিন। শাক হালকা সেদ্ধ হলে আধা কাপ পানিতে চালের গুঁড়া মিশিয়ে এরমধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিন। এরপর ভেজে রাখা মাছ দিয়ে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

সয়া আলুর কারি

উপকরণ

সয়া ১  কাপ, আলু কিউব করে কাটা ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা দেড় টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, গোটা জিরা আধা চা চামচ, কাঁচামরিচ ৫টা, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

সয়া গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রেখে হালকা চেপে পানি ফেলে দিন। কিউব করে কেটে রাখা আলু লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে তেলে ভাজুন। কড়াইতে তেল দিয়ে গোটা জিরার ফোড়ন দিন। এরপর সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু ও সয়া দিয়ে আবার কষিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে আলু সেদ্ধ করুন। পানির পরিমাণ কমে এলে কাঁচামরিচ ফালি দিয়ে দিন। চুলা থেকে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ও ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

চুই ঝালে গরুর মাংস

উপকরণ

মাংস ১ কেজি, চুই ঝাল আধা কাপ, আস্ত রসুন ৬টা, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, লবণ ২ চা চামচ, তেজপাতা ৩টা, দারুচিনি মাঝারি আকারে ২ টুকরা, এলাচ ৫টা, লবঙ্গ ৭টা, কালো গোলমরিচ ১০টা, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, রাধুনি গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মাংসের সঙ্গে ভাজা জিরার গুঁড়া, রাঁধুনি, গরম মসলা, আস্ত রসুন ও চুই ঝাল বাদে সব উপকরণ দিয়ে মেখে বেশি আঁচে দশ মিনিট রান্না করুন। এরপর এর মধ্যে ভাজা জিরার গুঁড়া ও চুই ঝাল দিয়ে মাঝারি আঁচে ২০ মিনিট জ্বাল দিন। এরপর আস্ত রসুন দিয়ে রান্না করতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে এলে এরমধ্যে রাঁধুনি গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে নিন।