ফেরদৌস ওয়াহিদ ও শম্পার কণ্ঠে মন বোঝে না

পপসংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদকে ইদানীং নিয়মিতই পাওয়া যাচ্ছে নতুন গানে। গত মার্চ মাসে খন্দকার বাপ্পির সঙ্গে তার দ্বৈত গান ‘ফাঁকি’ প্রকাশের পর, এবার শ্রোতাদের জন্য আরেকটি নতুন গান নিয়ে এলেন এই তারকা। ‘মন বোঝে না’ শিরোনামের রোমান্টিক ডুয়েট গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাঈদা শম্পা। গানটির কথা লিখেছেন গুণী গীতিকবি গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন শহীদ মাহমুদ।

নতুন কাজ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রথমেই বলব, এটি বেশ দারুণ একটি কাজ হয়েছে। গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ, তার লেখা গান আমার ভীষণ পছন্দের। আর সহশিল্পী সাঈদা শম্পাও চমৎকার গেয়েছেন। সব মিলিয়ে ‘মন বোঝে না’ শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান। আশা করছি সবার ভালো লাগবে।’

কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত সাঈদা শম্পা। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘একজন জীবন্ত কিংবদন্তির সঙ্গে কণ্ঠ দিতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দের। ওনার সঙ্গে এটি আমার দ্বিতীয় দ্বৈত গান। তবে গাওয়ার সময় মনে হয়েছে যেন বহু বছর ধরে আমরা একসঙ্গে গাইছি। ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে শুটিং পর্যন্ত উনি যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তা সত্যিই অনন্য। গোলাম মোর্শেদ ভাইয়ের অনবদ্য লিরিকে শহীদ মাহমুদ ভাই দারুণ মিষ্টি সুর করেছেন। আমি কাজটি দারুণ উপভোগ করেছি।’

গীতিকবি গোলাম মোর্শেদও গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ ভাই শুধু বড় শিল্পীই নন, মানুষ হিসেবেও অসাধারণ। উনার গায়কি নিয়ে নতুন করে বলার কিছু নেই, উনার তুলনা উনি নিজেই। আর সাঈদা শম্পাও কথার আবেগটা গায়কিতে পুরোপুরি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি, তাদের এই প্রাণবন্ত গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে। গানটির দৃষ্টিনন্দন একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে, যা যৌথভাবে পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। এতে মডেল হিসেবে পারফর্ম করেছেন খুশি ও রাহাত।