প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে চীনে দুই মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা থেকে চীনে গেছেন দুই মন্ত্রী। তারা হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন দুই মন্ত্রীর ঘনিষ্ঠ দুই কর্মকর্তা। সফরসঙ্গী হিসেবে তারা চীনের বেইজিংয়ে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারেক রহমান।

মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া ২৩ থেকে ২৫ জুন চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়ন্স’ সম্মেলন (সামার দাভোস ফোরাম)-এ অংশ নিবেন তিনি। এতে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সফর শেষে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।