অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে জেতানোর পরদিনই ৩৯তম জন্মদিনের কেক কাটলেন লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার করে আর্জেন্টিনা যখন শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে, ঠিক তখনই আলবিসেলেস্তে শিবিরে এই দ্বিগুণ উদযাপনের আনন্দ।
কানসাস সিটির ‘অরিজিন হোটেল’-এ বুধবার কোনো রাজকীয় জাঁকজমক ছাড়াই দলের সাথে জন্মদিন পালন করেন বিশ্বজয়ী এই অধিনায়ক। মজার ব্যাপার হলো, মেসি একা নন, আর্জেন্টিনা দলের আরও দুই অত্যন্ত প্রিয় মানুষ— প্রধান রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস (লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের পর যিনি মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন) এবং গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনেও একই দিনে জন্মদিন উদযাপন করছেন। মেসি তাদের সাথেই কেকের মোমবাতি ফুঁ দিয়ে নেভান।
আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম ওলে’ যখন মেসির কাছে জানতে চায়, ৩৯ বছরে পা দিয়ে জন্মদিনের কী ইচ্ছা বা ‘উইশ’ তাঁর? মেসি অত্যন্ত বিনম্রভাবে জবাব দেন:
“সত্যি বলতে, ঈশ্বরের কাছে আমার আর নতুন করে চাওয়ার কিছু নেই। খেলাধুলার জগতে তিনি আমাকে সবকিছু দিয়েছেন। আমি শুধু নিজের জন্য, আমার পরিবারের জন্য এবং যারা সবসময় আমার পাশে থেকেছে, তাদের জন্য সুস্থতা (স্বাস্থ্য) কামনা করি। আর কামনা করি যেন ফুটবল খেলার এই মুহূর্তগুলো আরও দীর্ঘদিন উপভোগ করে যেতে পারি।”
জাতীয় দলের ক্যাম্পে মেসির ৩৯ বছরের পথচলা
- ১৮ বছর (২০০৫, এনশেড): অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চলাকালীন ওলে-র আনা কেক কেটেছিলেন, ইচ্ছা ছিল আর্জেন্টিনার হয়ে চ্যাম্পিয়ন হওয়া।
- ১৯ বছর (২০০৬, লাইপজিগ): মেক্সিকোর বিপক্ষে ম্যাচের দিন জন্মদিন ছিল।
- ২০ বছর (২০০৭, মারাকাইবো): কোপা আমেরিকা চলাকালীন হুয়ান রোমান রিকুয়েলমে-র সাথে যৌথ জন্মদিন পালন।
- ২৩ বছর (২০১০, প্রিটোরিয়া): ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথম অধিনায়কত্ব করার পর জন্মদিন।
- ২৭ বছর (২০১৪, পোর্তো আলেগ্রে): নাইজেরিয়া ম্যাচের আগে ব্রাজিল বিশ্বকাপে উদযাপন।
- ৩১ বছর (২০১৮, ব্রোনিটসি): সাম্পাওলির সাথে দলের কোন্দল এবং ক্রোয়েশিয়ার কাছে ৩-০ হারের অন্ধকার সময়ে রাশিয়ায় মলিন জন্মদিন।
- ৩৪ বছর (২০২১, এজেইজা): করোনার মাঝে কঠোর জৈব-সুরক্ষা বলয়ে সতীর্থদের কাছ থেকে ট্রল উপহার (পানির বোতল) পেয়েছিলেন। এর কয়েকদিন পরই মারাকানায় কোপা আমেরিকা জয়।
- ৩৭ বছর (২০২৪, নিউ জার্সি): বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পরম সুখে কোপা আমেরিকার মাঝে জন্মদিন পালন।
- ৩৯ বছর (২০২৬, কানসাস): সর্বকালের সেরা বিশ্বকাপ গোলদাতা হওয়ার আমেজের মাঝে জন্মদিন উদযাপন।
মেসির সতীর্থ রদ্রিগো ডি পল রহস্য বজায় রেখে জানিয়েছেন, অধিনায়কের জন্য আজ রাতে একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আগামী শনিবার ডালাসে পানামার বিপক্ষে ম্যাচের দিন গ্যালারি ভর্তি আর্জেন্টাইন সমর্থকেরা হয়তো এই ফুটবল জাদুকরকে স্টেডিয়াম জুড়েই ‘হ্যাপি বার্থডে’ গেয়ে ইতিহাসের সবচেয়ে বড় উপহারটি দিতে যাচ্ছেন।