স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে তিনি নিজেই বিমানবন্দর থানায় উপস্থিত হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।

ঘটনার বিবরণে জানা যায়, এসএম লাবলুর রহমানকে প্রথম পক্ষ দেখিয়ে তার স্বাক্ষর জাল করে দ্বিতীয় পক্ষ হিসেবে ফাহাদ হোসেনের সঙ্গে একটি ভুয়া চুক্তিনামা তৈরি করা হয়। ওই চুক্তিনামায় উল্লেখ করা হয় যে, লাবলুর রহমান বিপিসি চেয়ারম্যান হতে পারলে ফাহাদ হোসেনকে টাকা প্রদান করবেন। এছাড়া এসএম লাবলুর রহমানের নামে একটি ভুয়া সম্মতিপত্রও তৈরি করা হয়েছে, যেখানেও তার স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পরপরই সদস্য (প্রশাসন) এ মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে এসএম লাবলুর রহমান বলেন, ‘স্বাক্ষর জাল করে এমন কাজ করা হয়েছে। কখনোই আমি এমন ধরনের গর্হিত কাজ করতে পারিনা।

তিনি আরও বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি চক্র এই কাজ করেছে। আমি এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছি। এখন থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’