বাগাতিপাড়ায় যৌন উত্তেজক সামগ্রী জব্দ, জরিমানা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী জব্দ করা হয়। এ সময় তমালতলা বাজারের মৌসুমী স্টোরের স্বত্বাধিকারী সেলিম আলীকে ৪ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে চিকিৎসকদের মত, চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌন উত্তেজক ওষুধ বা সামগ্রী ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। অনিয়ন্ত্রিত ব্যবহারে উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিজনিত সমস্যা এবং হৃদরোগীদের ক্ষেত্রে গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের পণ্য ব্যবহার বা বিক্রি না করার পরামর্শ দিয়েছেন তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পণ্যের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।