তিন বর্ষীয়ান ফের একসঙ্গে

আবারও এক নাটকে দেখা যাবে দেশের তিন বর্ষীয়ান তারকা আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুরকে। রাহাত কবিরের রচনা ও পরিচালনায় নির্মিত ‘দাদি ভয়ংকর’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। 

নাটকটির গল্পে উঠে এসেছে ইন্টারনেট ও আধুনিক জীবনের নানা দিক। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের পাশাপাশি সচেতন ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়েছে এতে। নির্মাতা রাহাত কবির বলেন, ‌‘তিনজন কিংবদন্তি শিল্পীর শিডিউল একসঙ্গে মেলানো সহজ ছিল না। তবে তারা আন্তরিকভাবে সময় দিয়েছেন। এই কাজটি আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন হয়ে থাকবে।’ 

আবুল হায়াত জানান, সিনিয়র শিল্পীদের নিয়ে একক নাটক নির্মাণ এখন বেশ কঠিন। তাই এমন একটি গল্পে কাজ করতে পেরে তিনি আনন্দিত। দিলারা জামান বলেন, প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করছে, তেমনি কিছু ঝুঁকিও তৈরি করছে। নাটকের মাধ্যমে সেই বার্তাই দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাজ করতে গিয়ে তার বারবার ‘শেষ পত্র’র দিনগুলোর কথা মনে পড়েছে বলেও জানান তিনি। 

ডলি জহুরও স্মৃতিচারণ করে বলেন, বহু বছর পর দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে আবার কাজ করতে পেরে তার ভীষণ ভালো লেগেছে। একই সঙ্গে প্রয়াত শর্মিলী আহমেদের কথাও স্মরণ করেন তিনি। 

প্রসঙ্গত, এর আগে বহু বছর আগে আবুল হায়াতের রচনা ও পরিচালনায় নির্মিত ‘শেষ পত্র’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। সেই স্মৃতি মনে রেখেই নতুন এই নাটক ঘিরে উচ্ছ্বসিত শিল্পীরা।