জমে উঠেছে ফিফা ফুটবল বিশ্বকাপ- ২০২৬। আর এই উন্মাদনায় কাঁপছে বিশ্ব, কাঁপছে বাংলাদেশ। এই আবেগ উচ্ছ্বাস আরও একধাপ বাড়িয়ে দিতে তৈরি হলো নতুন নাটক ‘কাপ নিয়ে কাঁপাকাঁপি’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আ খ ম হাসান, অহনা, আরফান আহমেদ, সিয়াম নাসিরসহ আরও অনেকে।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমি এখানে একজন কোচের চরিত্রে অভিনয় করেছি। গল্পটি মূলত বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষের আবেগ, উন্মাদনা এবং ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মজার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে এগিয়েছে।’
‘কাপ নিয়ে কাঁপাকাঁপি’ পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। তার প্রশংসা করে লাভলু বলেন, ‘রিপন খুবই ভালো পরিচালক। সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত কাজ করছেন। দর্শকের বর্তমান আগ্রহ ও আবেগকে মাথায় রেখে নাটকটি সাজানো হয়েছে। আমাদের দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। তাদের রাত জাগা, উত্তেজনা, আনন্দ-বেদনা— এসবই গল্পের মূল উপাদান।’
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে লাভলু জানান, পুরো ইউনিটকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছিল বৃষ্টি। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় প্রচুর বৃষ্টি হয়েছে। অনেক দৃশ্যের কাজ করতে সমস্যায় পড়তে হয়েছে। বৃষ্টির কারণে কাজ শেষ করাটাই অনেক সময় কঠিন হয়ে যাচ্ছিল। তারপরও সবাই মিলে পরিশ্রম করে কাজটি শেষ করেছি।’
ফুটবলপ্রেমীদের আবেগ, হাস্যরস ও প্রতিদ্বন্দ্বিতার গল্প নিয়ে নাটক লিখেছেন পাপ্পু রাজ। তার আশা, দর্শকের কাছে ভিন্নধর্মী বিনোদন হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিগগিরই ইউটিউবে ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।