লেবাননের সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই লেবাননি নিহত হয়েছে।
এর পরপরই লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এই যুদ্ধবিরতি রোববার থেকে প্রায় কার্যকরভাবে পালিত হয়ে আসছিল।
রোববারের পর থেকে মঙ্গলবারই প্রথম ইসরয়েলি গুলিতে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটল।
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহের আল-ফাওকা এলাকার আল-দিয়ের মহল্লায় বুলডোজার দিয়ে একটি সড়ক পরিষ্কার করা হচ্ছিল আর কাছেই একদল লোক দাঁড়িয়ে ছিল, ইসরায়েলি বাহিনী ওই লোকগুলোর দিকে গুলি ছোড়ে।
জাতিসংঘের জেনিভা দপ্তরে নিয়োজিত ইরানি রাষ্ট্রদূত আলি বাহরেইনিকে এই ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, লেবাননে সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘন শান্তি আলোচনার জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।