সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বে থাকা তফসিলি ব্যাংকগুলো গ্রাহকদের সঞ্চয়পত্র কিনতে নিরুৎসাহিত করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত কিছু ব্যাংক নানা অজুহাতে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে বিরত রাখছে বা প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করে। তাই বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা করা এবং সেবার মান নিশ্চিত করা তাদের দায়িত্ব।
এ কারণে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে সঞ্চয়পত্র–সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রাখতে এবং গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে কোনো গ্রাহক সঞ্চয়পত্র কিনতে গিয়ে সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে। অভিযোগ জানানোর পদ্ধতিও শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো ব্যাংক থেকে পর্যাপ্ত সহযোগিতা না পেলে গ্রাহকেরা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন। এ জন্য ma.yousuf@bb.org.bd ও asad.tutul@bb.org.bd ঠিকানায় ই-মেইল পাঠানোর সুযোগ রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকসেবা আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।