ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হামজা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের দক্ষিণপাড়া শিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশু হামজা শিরিনা বেগমের ছেলে। সে তার নানাবাড়িতে থাকতো। তার বাবা মো. জাফর আলী ভারতীয়, তিনি কলকাতায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের এলাকায় সমবয়সী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সবার অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় হামজা। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর বাবা ভারতের নাগরিক এবং বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। আন্তর্জাতিক বিষয় সংশ্লিষ্টতা এবং শিশুর বাবার অনুপস্থিতির কারণে ভবিষ্যতে কোনো অভিযোগ বা আইনি জটিলতা এড়াতে নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি৷