ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে প্রায় ১০ হাজার

ভেনেজুয়েলায় পর পর ৭.৫ এবং ৭.২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলায় ৭.৫ ও ৭.২ মাত্রার ভূমিকম্প

সংস্থাটি জানিয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় (GMT) ২২:০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথম ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক পরপরই রাজধানীর প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

গতকাল দেশটিতে জাতীয় ছুটি ছিল। বহু মানুষ সেদিন বাড়িতে অবস্থান করছিলেন। সে সময়েই আঘাত হানে এই বিধ্বংসী জোড়া ভূমিকম্প।

ভেনিজুয়েলায় ভূমিকম্প

ইউএসজিএস (USGS) আরও জানিয়েছে যে, এই ভূমিকম্পে ১০,০০০-এর বেশি মানুষের প্রাণহানির ৪৪% আশঙ্কা এবং ১,০০,০০০-এর বেশি মানুষের প্রাণহানির ৩০% আশঙ্কা রয়েছে; এর পাশাপাশি ভূমিতে মারাত্মক ভূমিধস এবং মাটি তরলীকরণের (liquefaction) ঝুঁকি রয়েছে।

ভেনেজুয়েলা উপকূল এবং আরুবা ও বোনায়ার দ্বীপপুঞ্জের জন্য একটি সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।