বড়লেখা সীমান্তে বিজিবি’র অভিযানে বিস্ফোরকসহ অস্ত্র উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও দুটি কুকরি চাপাতি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের জানা গেছে বড়লেখা সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে অনুপ্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৩টার দিকে কতিপয় দুষ্কৃতকারীকে চ্যালেঞ্জ করা হলে, তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগে পালিয়ে যায়।

পরে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন নামক স্থান থেকে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি পাওয়ারজেল নাইনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার ও দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে। 

সূত্র: বাসস