দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফেরার গল্পটা এমন বিষাদময় হবে, তা হয়তো ভাবেনি স্কটল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরই দলের বিদায় দেখছেন স্কটিশ কোচ স্টিভ ক্লার্ক।
যদিও ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা স্কটল্যান্ডের সামনে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ ওঠার গাণিতিক সমীকরণ এখনো সুতোয় ঝুলে আছে, তবে ক্লার্ক বাস্তবতাকে মেনে নিয়ে মানসিকভাবে দেশের বিমান ধরার প্রস্তুতি নিচ্ছেন। তার মতে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সমীকরণ শেষে তাদের আর টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
ব্রাজিলিয়ানদের বিপক্ষে এই হারকে দলের 'নিজেদের ডেকে আনা বিপর্যয়' হিসেবে দেখছেন স্কটল্যান্ড বস। ম্যাচ শেষে আক্ষেপের সুরে ক্লার্ক বলেন, “ফলাফল একদমই ঠিক আছে। ব্রাজিলের মতো দলের সামনে আপনি যদি নিজে থেকে এমন সুযোগ উপহার দেন, তবে শাস্তি পেতেই হবে; আজ সেটাই হয়েছে। আমার মনে হয় আমরা সম্ভবত বাড়ি ফিরে যাচ্ছি।” ম্যাচের তিনটি গোলই মূলত নিজেদের রক্ষণের ভুলেই ব্রাজিলকে উপহার দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।”
স্কটিশ কোচ তার খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ না হলেও, পারফরম্যান্সের এমন অধঃপতনে হতাশ। তিনি “আমি ওদের জন্য হতাশ, কারণ তারা নিজেদের স্বাভাবিক স্তরের খেলাটা খেলতে পারেনি।” তবে বিদায়ের আবহ তৈরি হলেও যুক্তরাষ্ট্রে আসা হাজারো 'তারতান আর্মি' (স্কটিশ সমর্থক) ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলেননি ক্লার্ক। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভুলে যাবেন না, এই খেলোয়াড়দের কারণেই আজ আমরা সোফায় বসে টিভি দেখার বদলে বিশ্বকাপের মাঠে আসতে পেরেছি।”