টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত ও পথরোধ করার অভিযোগে রোমন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বল্লা খালপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বল্লা খালপাড়া এলাকার বাসিন্দা ও বল্লা দারুল ইসলাম মোহাম্মাদিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৪) পরীক্ষা দিতে মাদরাসায় যাচ্ছিলেন। পথে একই এলাকার বলদকুড়া গ্রামের রোমন নেশাগ্রস্ত অবস্থায় তার পথরোধ করে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে।
এ সময় ভীতসন্ত্রস্ত সাদিয়া দৌড়ে পাশের একটি বাড়ির তিনতলায় গিয়ে আশ্রয় নেয়। অভিযুক্ত রোমনও তার পিছু নিয়ে সেখানে পৌঁছায়। বাড়ির মালিক বিষয়টির প্রতিবাদ করলে রোমন ক্ষিপ্ত আচরণ করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন।
খবর পেয়ে কালিহাতী থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হেফাজত থেকে অভিযুক্তকে থানায় নিয়ে যান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।