খুলনায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাইলমারা-আউশখালি এলাকার স্লুইস গেট সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্লুইস গেটের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে এবং জেলা সিআইডি পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারীটি হয়তো মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

খুলনার বটিয়াঘাটা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহীনুর রহমান গোলদার বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আগামীকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।