খুলনায় শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে ভুল পথে পরিচালিত হয়েছে

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে ভুল পথে পরিচালিত হয়েছে। গত ৫৪ বছর ধরে এভাবেই চলছে। এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থার সংকট উত্তরণের আহ্বান জানিয়েছে মন্ত্রী বলেন, শিক্ষক সংকট, অকার্যকর বদলি ব্যবস্থার মতো সমস্যাগুলো দীর্ঘদিন ধরে জমতে জমতে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এসব সমস্যা সমাধান না করলে কাঙ্খিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

প্রাথমিক শিক্ষার চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এক জেলার তথ্য উল্লেখ করে তিনি জানান, ১ হাজার ১২২টি বিদ্যালয়ের মধ্যে ৫৩৩টিতে প্রধান শিক্ষক শূন্য। এছাড়া সারা দেশে প্রায় ৬০ হাজার শিক্ষকের ঘাটতি রয়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকায় অনেক শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার সুযোগ না পেয়েই অবসরে গেছেন।

বদলি ব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, বদলি প্রক্রিয়া উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নকল হবে না। নকল প্রতিরোধে আমরা অতীতেও সফল হয়েছিলাম।

সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আজম মু. আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুমে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। সেখানে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।