আম উৎপাদন এলাকায় শনিবারেও মিলবে ব্যাংক সেবা

আম মৌসুমে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে এবং নগদ অর্থের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমবাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, চলমান আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমবাজারে ব্যাপক আর্থিক লেনদেন হচ্ছে। এ সময়ে ব্যবসায়ীদের হাতে বিপুল পরিমাণ নগদ অর্থ থাকে, যা সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে নগদ অর্থ উত্তোলন ও জমা দেওয়ার চাহিদাও বেড়ে যায়।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকিং সেবা সহজলভ্য রাখতে এবং ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করার লক্ষে নির্দিষ্ট কিছু শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

নির্দেশনার আওতায় থাকা এলাকাগুলো হলো-

চাঁপাইনবাবগঞ্জ জেলা: শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা। নওগাঁ জেলা: সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা। রাজশাহী ও নাটোর জেলা: বিভিন্ন আমবাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিজস্ব বিবেচনায় এসব শাখা ও উপশাখার কার্যক্রম পরিচালনা করতে হবে। নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং গ্রাহকদের অর্থ জমা ও উত্তোলন সেবা নির্বিঘ্ন রাখার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে আম উৎপাদন ও বিপণনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর ব্যবসায়ীরা মৌসুমজুড়ে ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।