দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী এবং মিড-লেভেল কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির পৃথক পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। এই প্রশিক্ষণ কর্মসূচির যাবতীয় ব্যয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ তহবিল হতে নির্বাহ করা হবে।
ইপিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ অর্থবছর (২০২৬-২৭, ২০২৭-২৮ ও ২০২৮-২৯) মেয়াদে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে, যার আওতায় মোট ২২ হাজার ৮১৫ জনকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর ব্যবস্থাপনায় শ্রমিকদের জন্য পাঁচদিনব্যাপী এবং বিইউএফটির ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ৬ মাস মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালিত হবে।
ইপিবি জানিয়েছে, কর্মসূত্রের প্রধান উদ্দেশ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য উৎপাদন এবং দক্ষ কর্মকর্তা তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। ইউরোপীয় ইউনিয়নসহ অন্য রপ্তানি গন্তব্যের কমপ্লায়েন্স ও ‘রুলস্ অব অরিজিন’ বিষয়ে সচেতনতা বৃদ্ধিকেও এই প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।