১৬ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

চলতি ২০২৫-২৬ অর্থবছরের গত ১১ মাসে (জুলাই-মে) সময়ে মাত্র ৪৮ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)  হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে আসে।  সূত্র মতে, চলতি অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। আলোচ্য সময়ে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ১ লাখ ৭৬৯ কোটি টাকা। টাকার অঙ্ক এবং বাস্তবায়নের দিক থেকেই এটি গত ৬ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

আইএমইডির তথ্য অনুযায়ী, সাধারণত এই সময়ে এডিপি বাস্তবায়নের হার গড়ে ৬৫ থেকে ৭০ শতাংশ থাকলেও এবার তা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে পিছিয়ে থাকা মন্ত্রণালয়ের মধ্যে সংসদবিষয়ক সচিবালয় প্রকল্প বাস্তবায়নের হার শূন্য শতাংশ। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাদের বরাদ্দের ২৫ শতাংশও খরচ করতে পারেনি।

প্রকল্প বাস্তবায়ন কম হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, রাজস্ব ঘাটতির কারণে সরকার বেতন-ভাতা ও ঋণের সুদ পরিশোধকে অগ্রাধিকার দেওয়ায় উন্নয়ন প্রকল্পে টাকার জোগান কমেছে। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টদের সক্ষমতার অভাব, জমি অধিগ্রহণে দেরি এবং প্রশাসনিক সিদ্ধান্তহীনতা বড় বাধা হিসেবে কাজ করেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে প্রকল্পগুলো নতুন করে যাচাই-বাছাই করা এবং খরচ কমানোর (কৃচ্ছ্রসাধন) নীতির কারণেও উন্নয়ন কাজে ধীরগতি এসেছে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ধীরগতি, নকশা পরিবর্তন এবং তদারকির অভাবকেও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।