রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পরপরই বৃহস্পতিবার (২৫ জুন) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় হামলার সতর্কসংকেত বাজতে শুরু করার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণগুলো ঘটে বলে জানিয়েছে এএফপির সাংবাদিকরা।

সাংবাদিকরা কিয়েভের আকাশে ধোঁয়ার রেখাও দেখতে পান। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দারনিতস্কি জেলায় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খোলা জায়গায় পড়ে। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ শুরু করেছেন।

দনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থিত দারনিতস্কি কিয়েভের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।

দুই হাজার বাইশ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতি রাতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গত এক বছরে কিয়েভে একাধিক হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির পাশাপাশি রাজধানীর ঐতিহাসিক স্থাপনাগুলোরও ক্ষয়ক্ষতি হয়েছে।