ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের অভিযোগ, টানা হলো মেসির প্রসঙ্গও

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সেই ম্যাচে ভিনিসিউস জুনিয়রের একটি গোল ভিএআর  প্রযুক্তির সাহায্যে বাতিল করা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনাটি এতটাই গড়িয়েছে যে, বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। আর নিজেদের দাবির পক্ষে যুক্তি দেখাতে গিয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি গোলের উদাহরণ টেনে এনেছে।

গত বুধবার মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে হ্যাক হেন্ড্রিকে ফাউল করার অভিযোগে ভিনিসিউসের একটি গোল বাতিল করেন রেফারি। ব্রাজিলের দাবি, টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে ভিএআর যেভাবে রেফারিদের মাঠের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, এই ক্ষেত্রে তার ব্যতিক্রম করা হয়েছে।

ব্রাজিলের পক্ষ থেকে ফিফাকে পাঠানো চিঠিতে বলা হয়, টুর্নামেন্ট জুড়ে ভিএআর-এর মূল দর্শন ছিল কেবল ‘স্পষ্ট এবং সুনির্দিষ্ট ভুল’ হলেই হস্তক্ষেপ করা। কিন্তু ভিনিসিউসের গোল বাতিলের সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এমনকি স্কটিশ খেলোয়াড়রাও মাঠের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোনো ফাউলের দাবি জানাননি।

নিজেদের দাবির সপক্ষে সিবিএফ আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির উদ্বোধনী গোলের উদাহরণ টানে। ব্রাজিলের মতে, মেসির সেই গোলের বিল্ড-আপ বা আক্রমণের পরিক্রমায় একই ধরনের শারীরিক সংঘর্ষ থাকলেও ভিএআর সেখানে মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রেখেছিল এবং হস্তক্ষেপ করেনি। ব্রাজিল চায়, ভিএআর-এর এই নিয়ম যেন সব দলের জন্য সমান, স্বচ্ছ এবং একইভাবে প্রয়োগ করা হয়।

শুধু ভিএআর নয়, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা মেক্সিকান রেফারি সিজার আরতুরো রামোসের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে ব্রাজিল। সিবিএফ-এর দাবি, এই রেফারির বিতর্কিত অতীত রেকর্ডের কারণে ফিফার উচিত ছিল তাকে এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব না দেওয়া।

রেফারি রামোসের সঙ্গে ব্রাজিলের তিক্ততা পুরনো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্রয়ের ম্যাচটিতেও রেফারি ছিলেন তিনি। সে সময় জোয়াও মিরান্ডাকে বক্সের ভেতর ফাউল করা এবং গ্যাব্রিয়েল জেসুসকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশ করেছিল সেলেসাওরা।