রাজধানীতে স্বামী-স্ত্রীকে অপহরণের অভিযোগ

রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া কর্মকর্তা মিজানুর রহমান ও তার স্ত্রী নার্গিস আরা পলি অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। পাওনা টাকার জেরে গোলাম মোস্তফা বাদল ও তার সহযোগীরা তাদের অপহরণ করে। তাদের দুই মেয়েকেও অপহরণের চেষ্টা করা হয়। 

জানা যায়, গোলাম মোস্তফা বাদল নার্গিস আরা পলির আপন খালাতো ভাই। ব্যবসার প্রয়োজনে নার্গিস তার কাছ থেকে কিছু টাকা সুদে নিয়েছিলেন। তিনি কিছু টাকা পরিশোধ করেন। আরও টাকার জন্য তিনি চাপ প্রয়োগ করে আসছিলেন। এক পর্যায়ে কয়েকদিন আগে বাদল ও তার লোকজন নার্গিসকে মিরপুরের মনিপুরী এলাকার বাসা থেকে তুলে নিয়ে তাকে জিম্মি করে রাখে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে তারা মিজানুর রহমানকেও ডেকে নিয়ে জিম্মি করে।  

নার্গিসের বাবা প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম বলেন, মিজানুরকে নিয়ে বাদল ও তার স্ত্রী তার বাসা তালতলা এলাকার এলিট আলী সরদার টাওয়ারে এসেছিল। তার সামনেই মিজানুরকে লাঠি দিয়ে বেদম মারপিট করে বাদল। এক পর্যায়ে তারা মিজানুরের দুই মেয়ে আদুরী ও মায়াকে জোর করে তুলে নিতে চায়। তাদের বাধায় সেটা সম্ভব হয়নি। পরে মিজানুরকে নিয়ে তারা চলে যায়। এরপর থেকে মিজানুর ও নার্গিসের খোঁজ পাচ্ছেন না তিনি। বাদল তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন বলে তিনি অভিযোগ করেন। 

মিজানুর রহমানের সিনিয়র অফিসার ফারুক ইকবাল ভূঁইয়া বলেন, মিজানুরকে তার এক আত্মীয় ডেকে নিয়ে গেছেন। এরপর থেকে তিনি অফিসে অনুপস্থিত। লেনদেন নিয়ে মিজানুর ঝামেলায় ছিলেন বলে তিনি জানান। 

অভিযুক্ত গোলাম মোস্তফা বাদল স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

অপহরণের বিষয়ে জানতে শেরে বাংলা নগর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। টহলে থাকা এসআই আব্দুর রহিম বলেন, তারা অপহরণের বিষয়টি জানেন না। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।