ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ কল্যাণ পার্টিসহ ৭টি নিবন্ধিত রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শোকজ পাওয়া দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।
বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যয়ের বিবরণী জমা না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্ট সাতটি দলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলগুলোর দলীয় প্রার্থী ছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গ (১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।
নির্ধারিত সময়ে ব্যয়ের বিবরণী জমা না পাওয়ায় গত ১৬ মার্চ দলগুলোকে চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ করেছিল ইসি। এরপরও হিসাব না পাওয়ায় গত ১৯ মে দলগুলোকে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দেওয়ার শেষ সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও দলগুলো হিসাব দাখিল করেনি।
আরপিওর ৪৪গ (৫) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বাড়িয়ে দিতে পারে। এরপরও যদি কোনো দল হিসাব দাখিল না করে, তবে আইন অনুযায়ী সেই দলের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে ইসির।
এই পরিস্থিতিতে দলগুলোর বিরুদ্ধে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দেওয়ার জন্য দলগুলোকে নির্দেশ দিয়েছে ইসি।