ভুয়া হজ প্যাকেজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত হজ এজেন্সি, গ্রুপ ও কাফেলার আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দেখে আর্থিক লেনদেন না করার জন্য দেশবাসীকে সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বার্তায় এই সতর্কতা জারি করা হয়।

এতে বলা হয়, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত হজ এজেন্সি, গ্রুপ বা কাফেলার লোভনীয় হজ প্যাকেজে আকৃষ্ট হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিবছর হজ মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে কম খরচে বা বিশেষ সুবিধার প্রলোভন দেখিয়ে হজযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে। পরে অনেক ক্ষেত্রে নির্ধারিত সেবা না দেয়া, ভিসা জটিলতা সৃষ্টি কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।

ধর্ম মন্ত্রণালয় বলছে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই সরকারি অনুমোদন নেই। তাদের সঙ্গে অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

এ কারণে হজে যেতে আগ্রহীদের শুধুমাত্র সরকার অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও অর্থ পরিশোধ করার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো হজ প্যাকেজের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।