সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় জামায়াত নেতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. মহিউদ্দিন নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন (৪৫) ভাটিয়ারী স্টেশন রোডের পশ্চিম এলাকার বাসিন্দা ও উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক, পেশায় ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মহাসড়কে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে তার পেছনে থাকা মোটরসাইকেলটিও গতি কমালেও পেছন থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিএসবিএ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, মহিউদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল রহমান বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।