শার্শায় সাংবাদিকের ওপর মাদক কারবারির হামলা, থানায় জিডি

যশোরের শার্শা উপজেলায় সংবাদ সংগ্রহে গিয়ে দৈনিক যশোর বার্তার সাংবাদিক আতিকুজ্জামান রিমুর ওপর হামলা চালিয়েছেন আরিকুল ইসলাম নামে এক মাদক কারবারি। এ ঘটনায় শুক্রবার (২৬ জুন) দুপুরে আরিকুল ইসলামের বিরুদ্ধে শার্শা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন ভুক্তভোগী।

আহত আতিকুজ্জামান রিমু শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও  দৈনিক যশোর বার্তা ও দৈনিক বাংলাদেশ রয়টার্স পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি।

অভিযুক্ত আরিকুল ইসলাম উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

সাংবাদিক আতিকুজ্জামান রিমু জানান, বৃহস্প্রতিবার বিকেলে অফিসের অ্যাসাইনমেন্টে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য শার্শা এলাকায় যান তিনি। তথ্য সংগ্রহ শেষে সেখান থেকে ফেরার পথে শার্শা সাব রেজিস্ট্রি অফিসের সামনে আগে থেকেই ওৎ পেতে থাকা মাদককারবারি আরিকুল ইসলাম তার ওপর হামলা চালিয়ে  এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার বিষয়ে শার্শা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এ ঘটনা শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলাই নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের অধিকারের ওপর একটি সুপরিকল্পিত আঘাত। আমি এ ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।