জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার নজিরবিহীন একাদশ; মেসি কি খেলবেন!

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই মিয়ামিতে শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে দলের মূল তারকাদের বিশ্রাম এবং বেঞ্চের শক্তি পরখ করতে কোচ লিওনেল স্কালোনি এক ‘নজিরবিহীন’ একাদশ মাঠে নামানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার ডিজিটাল দৈনিক ওলে।

গত বৃহস্পতিবার কম্পাস মিনারেল সেন্টারে দলের অনুশীলনে স্কালোনি এমন সব খেলোয়াড়দের নিয়ে ফরমেশন সাজিয়েছেন, যারা এই বিশ্বকাপে এখনও মাঠে নামার সুযোগ পাননি। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন—অধিনায়ক লিওনেল মেসি কি এই ম্যাচে খেলবেন?

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হওয়ার পর স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যারা ম্যাচ ফিটনেস ঘাটতিতে আছেন এবং যারা এখনও খেলার সুযোগ পাননি, তাদের মাঠে নামানোই এখন অগ্রাধিকার। এছাড়া লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনার মতো খেলোয়াড়দের নামের পাশে একটি করে হলুদ কার্ড থাকায়, নকআউট পর্বের আগে তাদের কার্ড জটিলতা থেকে দূরে রাখতে বিশ্রামে রাখা হতে পারে।

অনুশীলনের গতিপ্রকৃতি অনুযায়ী, মাঝমাঠে দেখা যেতে পারে এজেকিয়েল পালাসিওস এবং জিওভানি লো চেলসো জুটিকে—যারা এই বিশ্বকাপে এখনও অভিষেকের অপেক্ষায় আছেন। উইংয়ে পরীক্ষা করা হয়েছে জুলিয়ানো সিমিওনে (ডানে) এবং নিকোলাস গঞ্জালেসকে (বামে)।

রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো চোট থেকে সেরে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না। লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মলিনা ও ফাকুন্দো মেদিনাদের বিশ্রাম দিয়ে রক্ষণ সামলানোর দায়িত্ব পেতে পারেন গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি এবং চোট কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো। গোলপোস্টে অবশ্য ‘দিবু’ মার্তিনেজকেই রাখা হতে পারে, যাতে তিনি নিজের ম্যাচ রিদম ধরে রাখতে পারেন।

মেসি কি খেলবেন?

লিওনেল মেসিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বরাবরের মতোই অধিনায়কের সঙ্গে কথা বলবেন স্কালোনি। মেসি সবসময়ই নিয়মিত খেলে নিজের ম্যাচের ছন্দ ধরে রাখতে পছন্দ করেন। তাই জর্ডানের বিপক্ষেও তিনি মাঠে নামবেন, তবে সেটি শুরুর একাদশে নাকি বেঞ্চ থেকে বদলি হিসেবে—তা এখনও নিশ্চিত নয়।

মেসি যদি শুরুতে না খেলেন, তবে আক্রমণভাগে রিয়াল মাদ্রিদের নজরে থাকা তরুণ তুর্কি নিকো পাজ এবং ‘এল আরাঁয়া’ খ্যাত হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। আলভারেজ গোড়ালির চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকায় তার ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদি ভালেনতিন বার্কো বা ফ্লাকো লোপেজের মতো তরুণরাও এই ম্যাচে সুযোগ পান, তবে গত কাতার বিশ্বকাপের মতোই স্কালোনির স্কোয়াডের প্রতিটি আউটফিল্ড খেলোয়াড়ের বিশ্বকাপে মাঠে নামার গৌরব অর্জন হবে।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিজ (গোলরক্ষক); গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো চেলসো, নিকোলাস গঞ্জালেস; নিকো পাজ বা লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।