দুই দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের মধ্যে ফোনালাপ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফোনালাপে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং ক্রমবর্ধমান অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছায়।
ফোনালাপ শেষে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় জানান, বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারিত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আলোচনায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন এবং অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার বাস্তবায়নে নিয়মিত সংলাপ ও ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এই উচ্চপর্যায়ের যোগাযোগকে ইতিবাচক বলে মন্তব্য করেন এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।