পানি খাওয়ার গ্লাস নিয়ে ঝগড়া, আঘাতে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে তুচ্ছ বিরোধের জেরে কাচের গ্লাসের আঘাতে সোহেল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়া কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের সিন্দুরখান সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত ইসমাইল মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে সোহেল মিয়া সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইসমাইল দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেলেও দুপুরের পর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনির্বাণ  দেব জানান, সোহেলের মাথায় গুরুতর আঘাত ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (এসআই) মামুন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সোহেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।