যশোরে বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) দুপুরে তাকে আটক করা হয়।আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরের পাচারকারীর অবস্থান জানতে পেরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনে বেনাপোল বিওপির বিজিবির একটি দল আজ দুপুরে সাহাব উদ্দিন সরদারকে বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৫৮ গ্রাম।

যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ২২ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণেরবারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোলের পুটখালী সীমান্তের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।