ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (২৬ জুন) ফেসবুকে এক শোকবার্তায় দেশের জনগণের পক্ষে ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি এ সমবেদনা জানান তিনি।

এতে তিনি বলেন, ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ দুর্যোগপূর্ণ সময়ে ভেনিজুয়েলার পাশে থাকার সংহতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং এ ক্ষতি কাটিয়ে উঠতে ভেনিজুয়েলা সরকারের শক্তি, সহনশীলতা ও দ্রুত পুনর্গঠন কামনা করেন।