ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি দুঃখজনক হতে পারে।
শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা আরও বলেন, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা-এই দুটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থে দুঃখজনক হবে। নতুন অর্থবছরের বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, সেটাও একটি বড় প্রশ্ন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব দিক বিবেচনা করে মনে হয়, সরকারের দুটি মন্ত্রীর কাঁধে পঞ্চাশ শতাংশ দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ ও তৎপরতা দেখা যায়, তিনি যদি সেই তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।
এ সময় তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মামলার ব্যবসা’ করার অভিযোগও তোলেন। তিনি বলেন, তারা শো অ্যারেস্টের কালচার শুরু করেছে। একটি মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা। প্রতিটি এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটা আমি সংসদেও বলেছি, সরকারকেও বলব এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলব, বিষয়টি আপনি দেখবেন। কারণ মনে রাখবেন, আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।