টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় কুয়েতপ্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কাজল (৩৫)। তার তিন সন্তান রয়েছে এবং ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী।

শনিবার (২৭ জুন) সকালে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজলের মরদেহ  উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, কাজলের তিন সন্তানের মধ্যে বড় ছেলে সিলোনীয়া মাদরাসা এবং মেজো ছেলে তালবাড়িয়া মাদরাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। শুক্রবার রাতে কাজল তার দুই বছর বয়সী ছোট সন্তানকে নিয়ে ঘরে একাই ছিলেন। গভীর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরের উপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি এম এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি কেবলই চুরির ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো পূর্বশত্রুতা বা রহস্য রয়েছে, তা আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।