বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহন করছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্পোর্টিং ক্লাব। এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় গৌরীপুর গ্রেট সুলতান রেষ্টুরেন্টে আলোচনা সভা ও ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি গাজী মাজারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি ক্রীড়া দলের কুমিল্লা উত্তর জেলার আহবায়ক ক্লাবের উপদেষ্টা মো. হুমায়ুন কবির। ২০০৬ সালে প্রতিষ্ঠিত গৌরীপুর স্পোর্টিং ক্লাবটি এর আগেও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করেছে।
ক্লাব সূত্রে জানা যায়, এবারের আসরে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন এলাকার মোট ১৫টি দল। অংশগ্রহণকারী দলগুলো হলো, গৌরীপুর স্পোর্টিং ক্লাব, যাত্রাবাড়ী ঝটিকা সংসদ, কল্লোল সংঘ, বিক্রমপুর কিংস, পূর্বাচল পরিষদ, জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, কিংষ্টার স্পোর্টিং ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, বিকেএসপি, টঙ্গী ক্রীড়া চক্র, বিজি প্রেস এসএন্ডআরসি, চকবাজার কিংস, ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ও খিলগাঁও ফুটবল একাডেমী। এবারের আসরে প্রায় ৫২০ জন তরুণ ফুটবলার অংশ নেবে বলে জানা গেছে।
তরুণ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে ফুটবল অঙ্গণসহ গৌরীপুর স্পোর্টিং ক্লাব পরিবারে ইতোমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজারুল ইসলাম জানান, ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নকে সঙ্গী করে আগামী ৩ জুলাই থেকে শুরু হওয়া নতুন মৌসুমে মাঠ কাঁপাতে প্রস্তুত আমাদের খেলোয়াররা। আমাদের ক্লাবের শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও শুভানুধ্যায়ী ও ফুটবল প্রেমীদের দোয়া কামনা করছি।
উল্লেখ্য, গৌরীপুর স্পোর্টিং ক্লাব ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় পর্যায়ে বৃহত্তর দাউদকান্দির ক্রীড়াঙ্গনের বিকাশে এবং তৃণমূল থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনতে ক্লাবটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।