বাগদানের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনা কবে বিয়ে করছেন মার্কিন পপকন্যা টেইলর সুইফট এবং ফুটবল তারকা ট্র্যাভিস কেলসি। এর আগে একাধিকবার বিয়ের তারিখ প্রকাশ্যে এলেও বিষয়টি নিয়ে নীরব ছিলেন টেইলর ও কেলসি দুজনই।
এবার সেই জল্পনা আরও কয়েক ধাপ এগিয়ে পৌঁছেছে বিয়ের গুঞ্জনে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির একাংশের দাবি, আগামী ২ জুলাই নিউ ইয়র্কে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপনে বিয়ের অনুষ্ঠান সারতে পারেন এই তারকা জুটি। শুধু তাই নয়, খবর অনুযায়ী, পরের দিন অর্থাৎ ৩ জুলাই আয়োজন করা হতে পারে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় দু'হাজার ছুঁতে পারে বলেও দাবি করা হচ্ছে। তবে গোটা অনুষ্ঠানকে ঘিরে রাখা হয়েছে কড়া গোপনীয়তার আবরণে।
কোনো ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি অতিথিদের কাছে। বরং ব্যক্তিগত ভাবে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানের খবর যাতে আগেভাগে বাইরে না আসে, সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি। এমনকি আমন্ত্রিতদের কাছেও নাকি অনুরোধ করা হয়েছে, অনুষ্ঠান সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে না আনতে।
জুলাইয়ের প্রথম সপ্তাহেই সম্পর্ককে নতুন পরিণতি দিতে চান টেইলর এবং ট্র্যাভিস। সেই সময় একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনই হতে পারে তাদের বিয়ের সম্ভাব্য ভেন্যু। বিশাল আয়োজন সামলানোর পাশাপাশি নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতেই এই স্থানটি বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ‘উইনিক প্রোডাকশনস’ নামে একটি সংস্থা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশের কিছু রাস্তা সাময়িক ভাবে বন্ধ রাখার এবং ভেন্যুর বাইরে একটি অস্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি চেয়ে আবেদন করেছে বলেও খবর। এই তথ্য সামনে আসার পর থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে যে, কোনও বড় অনুষ্ঠান হতে চলেছে, আর সেই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন টেলর ও ট্র্যাভিস।
এখনও পর্যন্ত টেলর সুইফ্ট কিংবা ট্র্যাভিস কেলসি—কেউই বিয়ের বিষয়ে মুখ খোলেননি। তাদের টিমেরও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। ফলে অনুরাগীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছলেও, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই হাইভোল্টেজ’ এখনও জল্পনার পর্যায়েই রয়ে গেছে।