মডেল-অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী প্রেমের গুঞ্জন ছড়ায় নেটদুনিয়ায়। যা নিয়ে আলোচনাও হয় দুই তারকার ভক্তদের মাঝে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তটিনী। জানিয়েছেন, ইয়াশ তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই না।
তটিনীর ভাষায়, ‘হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে অভিনেত্রী কোনো প্রেমের সম্পর্কে নেই। তবে জীবনে সঠিক মানুষ এলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন। কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান? এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, তিনি এমন একজনের অপেক্ষায় আছেন যিনি তাকে সম্মান করবেন, তার পেশা ও পরিবারকে ভালোবাসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে ভালো রাখতে পারবেন।
অভিনেত্রীর কথায়, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দেবে, আমাকে, আমার প্রফেশনকে এবং আমার পরিবারকে ভালোবাসবে। আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’