মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৪

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর খাকছাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে তাদের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— লামিয়া বেগম (২২), ফুল মালা বেগম (৬৫), পপি বেগম (২৫) ও শিশু মিম (১০)। এর মধ্যে গুরুতর আহত লামিয়া বেগম ও ফুল মালা বেগমকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা হলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির সীমানা নির্ধারণ করে দেন। এরপর থেকেই প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে বলে আহতদের পরিবারের অভিযোগ।

অভিযোগে বলা হয়, শনিবার সকালে রিপন মাতুব্বর ও রাজীব মাতুব্বরের নেতৃত্বে সোহাগ মাতুব্বর, রজব আলী মাতুব্বর, আইয়ুব আলী মাতুব্বর, রওশন আরা বেগম, সোহেল বেগম, খুকু বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র, লাঠি ও ধারালো রামদা নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে আহত করা হয়।

আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।