জন্মদিনে রুক্মিণীকে সারপ্রাইজ দেবের! কী পেলেন প্রেমিকা?

আজ ২৭ জুন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিন। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে কী করেন দেব, তা নিয়ে সকাল থেকেই ছিল অনুরাগীদের প্রবল কৌতূহল। প্রতি বছরই তাদের সম্পর্ক ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকে। এ বারও তার ব্যতিক্রম হল না। তবে অপেক্ষা দীর্ঘায়িত করেননি টলিউডের সুপারস্টার। শনিবার সকালে ঘুম ভাঙতেই অনুরাগীদের সামনে হাজির হল দেবের এক ভালবাসা ভরা ইনস্টাগ্রাম পোস্ট, আর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। 

জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুধুই একটি ছবি নয়, আসন্ন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র নতুন পোস্টারই তুলে ধরলেন দেব। সেই পোস্টারে প্রথমবারের মতো নতুন রূপে ধরা দিলেন রুক্মিণী। উত্তরবঙ্গের সমাজসেবী করিমূল হকের জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে রুক্মিণী অভিনয় করছেন তাঁর স্ত্রী মঞ্জুর চরিত্রে। বহু বছর পর আবারও বড় পর্দায় দেব ও রুক্মিণীর জুটিকে একসঙ্গে দেখতে চলেছেন দর্শক, আর সেই অপেক্ষার উত্তেজনাই যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল এই বিশেষ প্রকাশ। 

নতুন পোস্টারে মঞ্জুর সাজে রুক্মিণীকে দেখা গেল অত্যন্ত সাধারণ অথচ স্নিগ্ধ এক রূপে। পরনে সালোয়ার-কামিজ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে মৃদু হাসি, আর গোটা লুকে এক অনাড়ম্বর সৌন্দর্য। চরিত্রের সরলতা যেন ফুটে উঠেছে তাঁর প্রতিটি অভিব্যক্তিতে। এর আগে চলতি বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে করিমূল হকের জীবনের ‘ধ্রুবতারা’ মঞ্জুকে শ্রদ্ধা জানিয়ে এই চরিত্রে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ করেছিলেন দেব। আর এ বার জন্মদিনের দিনেই সামনে আনলেন ছবির আরও একটি নতুন ঝলক। 

তবে শুধু পোস্টারেই চমক সীমাবদ্ধ থাকেনি। ছবির সঙ্গে দেব যে বার্তা লিখেছেন, সেটিও অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন রুক্মিণী… ঈশ্বর তোমাকে প্রচুর সুখ ও শান্তিতে ভরিয়ে রাখুন। সুস্থ থেকো এবং যেমন আছো, তেমনই থেকো।’ সংক্ষিপ্ত হলেও এই শুভেচ্ছাবার্তায় ছিল আন্তরিকতা আর গভীর ভালোবাসার ছোঁয়া। স্বাভাবিকভাবেই পোস্টের মন্তব্যের ঘর ভরে ওঠে রুক্মিণীর জন্মদিনের শুভেচ্ছায়। অসংখ্য অনুরাগী তাঁদের প্রিয় অভিনেত্রীর জন্য ভালোবাসা আর শুভকামনা উজাড় করে দেন। 

দেব ও রুক্মিণীর জুটি বাংলা সিনেমার দর্শকদের কাছে বরাবরই জনপ্রিয়। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ এবং ‘কিশমিশ’-এর মতো ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করেছে। সেই সফল জুটিই আবার ফিরছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-য়, ফলে ছবিটি ঘিরে প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। 

২০১৭ সাল থেকে ব্যক্তিগত জীবনেও একসঙ্গে পথ চলছেন দেব ও রুক্মিণী। এই দীর্ঘ সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন, জল্পনা এবং চর্চা কম হয়নি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে তাঁরা নিজেদের সম্পর্ককে ধরে রেখেছেন দৃঢ় বিশ্বাস আর পারস্পরিক সম্মানের উপর। দেবের সঙ্গে অভিনয় হোক, তাঁর প্রযোজনার ছবি কিংবা মডেলিংয়ের কাজ, প্রতিটি ক্ষেত্রেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন রুক্মিণী। আবার নিজের যোগ্যতায় মুম্বাইয়েও কাজের সুযোগ করে নিয়েছেন তিনি। সেই যাত্রাপথে দেব থেকেছেন তার অন্যতম বড় ভরসা।