সাঁতার শেখাতে গিয়ে প্রাণ গেল মামা-ভাগ্নের

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে পুকুরের পানিতে ডুবে মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবায়দুল (৯) এবং তার আপন মামা হাফেজ তালিমুল ইসলাম (২১)। তালিমুল ইসলাম পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভাগ্নে ওবায়দুলকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান মামা তালিমুল ইসলাম। সাঁতার শেখানোর একপর্যায়ে ওবায়দুল পুকুরের গভীর পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন তালিমুল ইসলাম। ভাগ্নেকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে তিনিও গভীর পানিতে তলিয়ে যান।

দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে এবং পুকুরঘাটে তাদের জামাকাপড় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তুহিন হাওলাদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।