বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতের ভূমিকা, এ খাতের চ্যালেঞ্জ এবং প্রাইম ব্যাংকের উদ্যোগ নিয়ে কথা বলেছেন ব্যাংকটির চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল রহমান। সাক্ষাৎকার নিয়েছেন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম।
দেশ রূপান্তর : বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে এমএসএমই খাতের গুরুত্ব কীভাবে মূল্যায়ন করেন?
ফয়সাল রহমান : এমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য হ্রাস এবং আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বল্প মূলধনে ব্যবসা শুরু করার সুযোগ থাকায় তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্যও এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম। একই সঙ্গে স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ খাত।
দেশ রূপান্তর : এসএমই খাতের উন্নয়নে প্রাইম ব্যাংক কী ধরনের উদ্যোগ নিয়েছে?
ফয়সাল রহমান : প্রাইম ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ও গ্রাহকবান্ধব অর্থায়ন নিশ্চিত করতে কাজ করছে। জামানতবিহীন ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধার মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা, আর্থিক সাক্ষরতা কর্মসূচি ও উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশ রূপান্তর : বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কী ধরনের ভূমিকা রাখা উচিত?
ফয়সাল রহমান : এ সময়ে ঋণপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা প্রয়োজন। জামানতের পরিবর্তে ব্যবসার সক্ষমতা ও নগদ প্রবাহের ভিত্তিতে অর্থায়ন বাড়াতে হবে। নারী, তরুণ ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল ও সহজ শর্তের ঋণসুবিধা সম্প্রসারণ জরুরি। পাশাপাশি ব্যাংকগুলোকে শুধু অর্থায়নকারী নয়, উদ্যোক্তাদের উন্নয়ন সহযোগী হিসেবেও কাজ করতে হবে।
দেশ রূপান্তর : নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য কোনো বিশেষ কর্মসূচি রয়েছে কি?
ফয়সাল রহমান : নারী উদ্যোক্তাদের জন্য প্রাইম ব্যাংক বিশেষ ঋণ সুবিধা ও সহজ শর্তে অর্থায়নের সুযোগ দিচ্ছে। তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্যও রয়েছে উদ্ভাবনভিত্তিক অর্থায়ন সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণ, পরামর্শ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে তাদের ব্যবসা টেকসইভাবে গড়ে তুলতে সহায়তা করা হচ্ছে।
দেশ রূপান্তর : আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং কীভাবে এসএমই খাতকে আরও এগিয়ে নিতে পারে?
ফয়সাল রহমান : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঋণ আবেদন, মূল্যায়ন ও অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা সম্ভব। মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উদ্যোক্তারা সহজে আর্থিক সেবা পাচ্ছেন। এছাড়া ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পেমেন্ট ও ই-কমার্স সংযোগের মাধ্যমে ব্যবসা পরিচালনা আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।
দেশ রূপান্তর : বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন?
ফয়সাল রহমান : বাংলাদেশ ব্যাংকের ঘোষিত পুনঃঅর্থায়ন ও প্রণোদনা সুবিধা বাস্তবায়নে প্রাইম ব্যাংক সক্রিয়ভাবে কাজ করছে। দ্রুত ও সহজ প্রক্রিয়ায় ঋণ বিতরণ, নারী ও প্রান্তিক উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান এবং উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
দেশ রূপান্তর : এমএসএমই খাতের প্রধান চ্যালেঞ্জ মোকাবিলায় কী ধরনের নীতিগত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন?
ফয়সাল রহমান : অর্থায়ন ব্যয় কমানো, পুনঃঅর্থায়ন সুবিধা সম্প্রসারণ এবং ডিজিটাল ঋণ প্রক্রিয়া চালু করা প্রয়োজন। পাশাপাশি আধুনিক ক্রেডিট স্কোরিং ব্যবস্থা, ক্লাস্টারভিত্তিক শিল্প উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধি এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি জোরদার করতে হবে। সমন্বিত নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে এমএসএমই খাত দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠবে।