এসএমই খাতকে শক্তিশালী করবে সহজ অর্থায়ন

বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এসএমই) খাতের গুরুত্ব দিন দিন বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, স্থানীয় শিল্পের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে অর্থায়নে সীমাবদ্ধতা, প্রযুক্তি গ্রহণে পিছিয়ে থাকা এবং দক্ষতার ঘাটতি এখনো এসএমই খাতের প্রধান চ্যালেঞ্জ। এসব বাধা দূর করে খাতটিকে আরও শক্তিশালী করতে সহজ অর্থায়ন, প্রযুক্তি ব্যবহার এবং উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মো. কায়সার হামিদ।

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসএমই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ এবং টেকসই শিল্পায়নের জন্য এ খাতকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

কায়সার হামিদ বলেন, বাংলাদেশ ফাইন্যান্স দীর্ঘদিন ধরে উৎপাদন, বাণিজ্য, সেবা ও কৃষিভিত্তিক শিল্পসহ বিভিন্ন খাতে এসএমই অর্থায়ন করে আসছে। প্রতিষ্ঠানটি শুধু ঋণ প্রদানেই সীমাবদ্ধ নয়, উদ্যোক্তাদের ব্যবসার টেকসই বিকাশেও গুরুত্ব দিয়ে কাজ করছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জামানত একটি বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, ব্যবসার সম্ভাবনা, নগদ প্রবাহ ও লেনদেন সক্ষমতা বিবেচনায় সহজতর অর্থায়নের সুযোগ সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্স। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আওতায় এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির বিশেষ গুরুত্ব রয়েছে জানিয়ে তিনি বলেন, সহজ শর্তে অর্থায়ন, অগ্রাধিকারভিত্তিক সেবা এবং বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে নারী উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হচ্ছে।

তরুণ উদ্যোক্তাদের বিষয়ে কায়সার হামিদ বলেন, তারাই আগামী দিনের অর্থনীতির চালিকাশক্তি। তাই তাদের জন্য উপযোগী অর্থায়নের পাশাপাশি ব্যবসায়িক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এসএমই ঋণের খেলাপি পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কিছু চাপ থাকলেও সঠিক মূল্যায়ন, নিয়মিত তদারকি এবং গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষিভিত্তিক ব্যবসা, ক্ষুদ্র উৎপাদন ও স্থানীয় উদ্যোক্তাদের অর্থায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল, নারী উদ্যোক্তা সহায়তা এবং এসএমই-বান্ধব নীতিমালাকে খাতটির উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এসব উদ্যোগ অর্থায়নকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করেছে।

নতুন উদ্যোক্তাদের উদ্দেশে কায়সার হামিদ বলেন, সফল হতে সুস্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা, সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধৈর্য, সততা ও বাজার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে সব উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও উদ্যোগই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্স ভবিষ্যতেও উদ্যোক্তাদের পাশে থাকবে।