জামায়াত আমির বললেন

যেখানে ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ করা হবে

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের লড়াই হবে সব অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন-পুরনো ফ্যাসিবাদ বুঝি না যেখানে ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। গত শুক্রবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় নির্বাচনের দিন সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হয়। জনগণ একই দিনে দুটি ভোট দিলেও একটি ভোটের মূল্যায়ন করা হলো, আরেকটি করা হলো না। শাসনের যে ধারা অতীতে শাসকদের ফ্যাসিবাদী করে তুলেছিল, জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক। কিন্তু সেটি হলো না। সরকার ইতিমধ্যেই সব মৌলিক বিষয়কে অগ্রাহ্য করেছে। ফলে যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেসব আগের জায়গায় থেকে গেল।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া রায় সরকারি দল অগ্রাহ্য করলেও বিরোধী দল অগ্রাহ্য করবে না। মৌলিক সংস্কারগুলো করতে হবে। ক্ষমতায় ভারসাম্য আনতে হবে, যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের (পুরুষ ও মহিলা) এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা।