জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে আজ রবিবার (২৮ জুন) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তবে ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০ ইউনিয়নের ৭১৪ ওয়ার্ড দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী চারদিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে শিশুদের বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হবে। সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল বিতরণ করা হবে।

এদিকে রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আজ সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।