বোয়ালমারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোর মারা গেছে। শনিবার (২৭ জুন) রাতে সাপের কামড়ের শিকার হওয়ার পর চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার (২৮ জুন) ভোরে তার মৃত্যু হয়।

রাফসান উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত প্রায় ৯টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশের বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে একজন ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করান। দীর্ঘ সময় পর অবস্থার অবনতি হলে রাত প্রায় ৪টার দিকে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে রবিবার ভোরে তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত চারটার দিকে কিশোরটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নিলেও রোগীর স্বজনরা এতে সম্মতি দেননি। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।